শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলটির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেলে রুদ্রকর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ মাহফিলে ধর্মীয় পরিবেশে কুরআন তেলাওয়াত, মিলাদ এবং দোয়ার মাধ্যমে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর কাজীর সভাপতিত্বে এবং যুবদল নেতা বোরহান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। প্রধান বক্তা ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।
এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, জাসাসের সদস্য সচিব মনজুর হাসান ও ছাত্রদল নেতা পান্থ তালুকদার প্রমুখ।
মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত চাওয়া হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং নেতাকর্মীদের প্রতি ধৈর্য ও সহনশীলতার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো মাঠজুড়ে এক হৃদয়স্পর্শী পরিবেশ সৃষ্টি করে।



মন্তব্য করুন