আগামী ২৪ জানুয়ারি কুমিল্লা টাউন হল মাঠে নির্বাচনী জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা সফল করতে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে টাউন হল মাঠের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন দলটির শীর্ষ স্থানীয় নেতারা।

পরিদর্শনকালে নেতাদের সঙ্গে সিএসএফ (চেয়ারম্যানস সিকিউরিটি ফোর্স) প্রতিনিধি দল উপস্থিত ছিল। তারা মঞ্চ স্থাপন, জনসমাগম নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বলয় তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এই জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, “চেয়ারম্যানের বক্তব্য শোনার জন্য কুমিল্লার মানুষ মুখিয়ে আছে। আজকের মাঠ পরিদর্শনের মধ্য দিয়ে আমরা প্রস্তুতিমূলক কাজ শুরু করলাম।”

পরিদর্শনকালে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।