রাজনীতির নামে চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। তিনি বলেছেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি জুলুম বা চাঁদাবাজি করে, তবে সে যত বড় নেতাই হোক—তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজ দমনের দায়িত্ব আমার।”

বুধবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে হাতিরপুল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই সভার আয়োজন করা হয়।

নিজের রাজনৈতিক সংগ্রামের বর্ণনা দিয়ে রবিউল আলম বলেন, বিগত ১৭ বছরে ১৯৩টি মামলা এবং সাড়ে চার বছর কারাভোগের পরও তিনি জনগণের অধিকার আদায়ে আপস করেননি। নির্বাচিত হলে ক্ষমতার প্রদর্শন নয়, বরং প্রতিবেশী হিসেবে নাগরিক সমস্যা সমাধানে মনোযোগী হওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এলাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস, পানি ও বিদ্যুৎসহ মৌলিক সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি একে ‘গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম’ বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ হাতিরপুল এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।