আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ৩০০ আসনের মধ্যে অন্তত ২৪০টিতে জয়লাভ করবে বলে দাবি করেছেন প্রবীণ রাজনীতিক ফজলুর রহমান। কালবেলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই রাজনৈতিক পূর্বাভাস দেন।

ফজলুর রহমান বলেন, “আমি আগেও বলেছি, এখনো বলছি—নির্বাচন হলে বিএনপি জোট একাই ৮০ শতাংশ সিট পাবে। অর্থাৎ ৩০০ আসনের মধ্যে ন্যূনতম ২৪০টি আসনে জয়লাভ করবে।” জামায়াতে ইসলামীর জোট গঠন ও শক্তি বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, বিশাল রাজনৈতিক শক্তির সামনে ছোট দলগুলোর প্রভাব নগণ্য। তিনি বিএনপিকে একটি ‘বিশাল প্ল্যাটফর্ম’ হিসেবে উল্লেখ করে বলেন, নেতৃত্বের গুণাবলি ও ত্যাগের কারণে ছোট দলগুলোকেও বিএনপির সঙ্গে বিবেচনায় নিতে হবে।

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষায় বিএনপির ভূমিকার প্রশংসা করে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, বিএনপি বাহাত্তরের সংবিধানের পক্ষে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেছে।

নির্বাচনী প্রচারণায় ধর্মীয় কার্ড ব্যবহারের তীব্র সমালোচনা করে ফজলুর রহমান বলেন, জামায়াতকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে—এমন কথা যারা বলে তারা ‘কুফুরি’ করছে। তিনি আলেম-ওলামাদের উদ্ধৃতি দিয়ে বলেন, এই ধরনের প্রচারণাকারীরাই বরং পথভ্রষ্ট।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত এই দেশে সাম্প্রদায়িক বা ধর্মান্ধ শক্তি যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সূর্য যেন অস্তমিত না হয়, ভোটারদের প্রতি সেই আহ্বান জানান তিনি।