দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নির্ধারণে আজ চূড়ান্ত লড়াইয়ে নামছে জাতীয় পে-কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নির্ধারিত এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান বাজারদরের কষাঘাত ও উচ্চ মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রেখে এবারের সুপারিশে জীবনযাত্রার বাস্তব ব্যয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ৮ জানুয়ারির বৈঠকে বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করার পর আজ মূলত মূল বেতনের অংক নির্ধারণেই বেশি গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে বেতন ছাড়াও গ্রেড বিন্যাস, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং অবসরের আর্থিক সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নির্ভরযোগ্য তথ্যমতে, সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে এখন পর্যন্ত তিনটি প্রস্তাব কমিশনের টেবিলে রয়েছে। এর মধ্যে ২১ হাজার টাকার প্রথম প্রস্তাবটি সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকলেও ১৭ হাজার ও ১৬ হাজার টাকার আরও দুটি বিকল্প প্রস্তাব নিয়ে পর্যালোচনা চলছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন আগামী ফেব্রুয়ারিতে তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই একটি বৈষম্যহীন কাঠামো দাঁড় করাতে তৎপরতা চালাচ্ছে।

কমিশনের অভ্যন্তরীণ সদস্যরা ইঙ্গিত দিয়েছেন, শুধু সংখ্যার হেরফের নয়, বরং কর্মকর্তাদের আবাসন সংকট এবং সন্তানদের শিক্ষা ব্যয়ের ক্রমবর্ধমান গ্রাফ বিশ্লেষণ করে এবারের বেতন স্কেল ঢেলে সাজানো হচ্ছে। আজকের বৈঠকে ঐকমত্য তৈরি হলে আগামী জুলাই থেকেই নতুন কাঠামো বাস্তবায়নের পথে বড় বাধা কেটে যাবে বলে ধারণা করা হচ্ছে।