ইরানে সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দণ্ডপ্রাপ্ত তরুণ এরফান সোলতানির বহুল আলোচিত মৃত্যুদণ্ড শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বুধবার (১৪ জানুয়ারি) সকালে তার ফাঁসি কার্যকর করার কথা থাকলেও তেহরান কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগো এবং এরফানের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে মাত্র এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। অবিশ্বাস্য দ্রুততায় আইনি প্রক্রিয়া শেষ করে গ্রেপ্তারের চার দিনের মাথায় তার পরিবারকে মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত বার্তা দেয় ইরান সরকার। তবে বুধবার ভোর গড়িয়ে গেলেও ফাঁসি কার্যকর না হওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারে।
নিরাপত্তার খাতিরে পূর্ণ নাম প্রকাশ না করার শর্তে এরফানের আত্মীয় সোমায়েহ সংবাদমাধ্যমকে জানান, বুধবার সকালে ফাঁসি কার্যকর না হলেও সাজা পুরোপুরি বাতিল করা হয়নি। যেকোনো সময় পরবর্তী আদেশ আসতে পারে বলে তারা চরম শঙ্কার মধ্যে রয়েছেন। মানবাধিকার সংস্থা হেনগো গভীর রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক মহলের চাপ ও বিশেষ পরিস্থিতিতে এই দণ্ড স্থগিত রাখা হয়েছে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে নতুন মাত্রা যোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের ফাঁসি কার্যকরের কোনো পরিকল্পনা নেই। ট্রাম্প কোনো সুনির্দিষ্ট সূত্রের নাম প্রকাশ না করলেও একে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র’ থেকে পাওয়া তথ্য বলে উল্লেখ করেছেন। পশ্চিমা বিশ্বের তীব্র সমালোচনা এবং মানবাধিকার সংগঠনগুলোর তৎপরতার মধ্যেই তেহরানের এই পিছু হটাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।



মন্তব্য করুন