ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা আর অভ্যন্তরীণ বিক্ষোভের মুখে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে তেহরানের এভিয়েশন কর্তৃপক্ষ এক জরুরি ‘নোটিশ টু এয়ার মিশনস’ (এনওটিএএম)-এর মাধ্যমে এই কঠোর বিধিনিষেধ জারি করে। নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত আন্তর্জাতিক সিভিল ফ্লাইট ছাড়া সব ধরনের উড্ডয়ন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বিশেষজ্ঞরা ইরানের এই পদক্ষেপকে কেবল প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন না। সাধারণত বড় ধরনের সামরিক মহড়া বা সম্ভাব্য আকাশ হামলার আশঙ্কায় কোনো দেশ এভাবে নিজেদের আকাশসীমা ব্লক করে দেয়। আনাদোলু এজেন্সির উদ্ধৃতি দিয়ে জানা গেছে, এই নিষেধাজ্ঞা ইরানে প্রবেশকারী এবং ইরান থেকে ছেড়ে যাওয়া সব ধরনের ফ্লাইটের ওপর কার্যকর হবে। তবে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট সিভিল এভিয়েশন অথরিটির পূর্বানুমতি নিয়ে চলাচলের সুযোগ পাবে।

ইরানের ভেতরে সরকারবিরোধী বিক্ষোভ যখন তুঙ্গে, ঠিক তখনই এই আকাশসীমা বন্ধের খবর এলো। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী, গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন। চলমান এই পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে সাফ জানিয়েছেন, ইরান যদি বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বা মৃত্যুদণ্ড কার্যকর করে, তবে ওয়াশিংটন ‘খুব কঠোর ব্যবস্থা’ নেবে।

জি-৭ সদস্য দেশগুলোও তেহরানের ওপর চাপ বাড়াতে শুরু করেছে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে বিক্ষোভকারীদের ওপর ‘ইচ্ছাকৃত সহিংসতার’ তীব্র নিন্দা জানানো হয়েছে। এর বিপরীতে ইরান সরকার এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মদদকে দায়ী করেছে। উদ্ভূত পরিস্থিতিতে আকাশসীমা বন্ধের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখন চরম উদ্বেগ বিরাজ করছে।