শরীয়তপুরে ভাড়ার দ্বন্দ্বে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স দেড় ঘণ্টা আটকে রেখে বৃদ্ধকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) রাতে পালং মডেল থানায় নিহতের স্বজনরা মামলা দায়ের করার পর শহর থেকে অ্যাম্বুলেন্স মালিক সুমন খানকে গ্রেপ্তার করা হয়।

নিহত জমশেদ আলী ঢালী (৭০) ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অমানবিক আচরণের শিকার হয়ে তিনি প্রাণ হারান বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার অসুস্থ জমশেদ আলীকে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার জন্য সাড়ে ৬ হাজার টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। কিন্তু যাত্রা শুরুর পর চালক ও সহযোগীরা ৮ হাজার টাকা দাবি করে বসে। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে তারা রোগীকে নিয়ে যেতে বাধা দেয়। পরবর্তীতে স্বজনরা অন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করলে স্থানীয় সিন্ডিকেটের চালকরা পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি আটকে দেয়, চাবি কেড়ে নেয় এবং চালককে মারধর করে। দীর্ঘ দেড় ঘণ্টা পর ঢাকা পৌঁছালেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই নৃশংস ঘটনায় চারজনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের নাতি জুবায়ের হোসেন রুমান ঢালী। মামলার অন্য আসামিরা হলেন চালক সজিব, পারভেজ ও হান্নান।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসক ও সিভিল সার্জন অ্যাম্বুলেন্স মালিক সমিতির সঙ্গে জরুরি বৈঠক করেছেন। জেলা প্রশাসক তাহসিনা বেগম জানিয়েছেন, অভিযুক্তরা ঘটনার সত্যতা স্বীকার করে মুচলেকা দিলেও তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসাথে অ্যাম্বুলেন্সের কাগজপত্র ও সেবা নিয়মিত মনিটরিং করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। পালং মডেল থানার ওসি শাহ আলম জানিয়েছেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।