মাঘের প্রথম ভোরে কনকনে শীত উপেক্ষা করে শরীয়তপুরের মনোহর বাজারে বসেছে ঐতিহ্যবাহী ‘জোড়া মাছের মেলা’। প্রায় ২০০ বছরের পুরনো এই মেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকেই স্থানীয় কালীমন্দির ও গরুর মাঠ এলাকা ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

মেলার প্রধান আকর্ষণ ‘জোড়া ইলিশ ও বেগুন’। যুগ যুগ ধরে চলে আসা রীতি অনুযায়ী, মেলায় আসা অধিকাংশ মানুষই একজোড়া ইলিশ এবং তার সঙ্গে বেগুন কিনে ঘরে ফেরেন। সময়ের বিবর্তনে ইলিশের পাশাপাশি মেলায় এখন রুই, কাতল, বোয়াল ও আইড়সহ নানা প্রজাতির মাছের দেখা মিলছে। মাছের পাশাপাশি মেলা প্রাঙ্গণে বসেছে বাহারি সবজি, পিঠা-পুলি এবং শিশুদের খেলনার দোকান।

স্থানীয়রা জানান, এই মেলা কেবল কেনাবেচার স্থান নয়, বরং হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়েছে। উৎসব উপলক্ষে আশপাশের গ্রামগুলোতে আত্মীয়-স্বজনের সমাগম ঘটে। তবে চলতি বছর ইলিশের দাম চড়া হওয়ায় অনেক ক্রেতাকে সাধারণ মাছ কিনে সন্তুষ্ট থাকতে দেখা গেছে।

আয়োজক কমিটির সদস্য সুজিত দাস জানান, বহু বছর ধরে স্থানীয়দের তত্ত্বাবধানে এই মেলা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এটি অত্র অঞ্চলের সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। ভোর থেকে শুরু হওয়া এই উৎসব চলে দুপুর পর্যন্ত।