নতুন শিক্ষাবর্ষের ১৫ দিন পেরিয়ে গেলেও মাধ্যমিকের ১ কোটির বেশি শিক্ষার্থী এখনো পাঠ্যবই পায়নি। শিক্ষা উপদেষ্টার দেওয়া নির্ধারিত সময়সীমা পার হওয়ায় এখন আরও ১৫ দিন সময় চেয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এদিকে শেষ সময়ে তাড়াহুড়া করে নিম্নমানের বই ছাপিয়ে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করছে শতাধিক ছাপাখানা।
শুক্রবার (১৬ জানুয়ারি) এনসিটিবি সূত্রে জানা গেছে, সারা দেশে বইয়ের তীব্র সংকট চলায় অনেক জেলায় বই ছাড়াই ক্লাস শুরু হয়েছে। এর মধ্যেই ভয়াবহ জালিয়াতির তথ্য উঠে এসেছে। জালিয়াতি ও নিম্নমানের কারণে এ পর্যন্ত মাধ্যমিকের ২৫ লাখ এবং প্রাথমিকের ১৭ লাখসহ মোট ৪২ লাখ বই বাতিল করে কেটে ফেলেছে ইন্সপেকশন কোম্পানি। কর্মকর্তাদের ম্যানেজ করে নিম্নমানের কাগজ চালানোর চেষ্টাও করেছে অনেক প্রতিষ্ঠান।
এনসিটিবির দাবি, গত দেড় দশকে কখনোই জানুয়ারিতে শতভাগ বই পৌঁছানো যায়নি। তবে এবার ৩০ জানুয়ারির মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের আশা করছেন তারা। অন্যদিকে, জনতা প্রেসের মালিক নজরুল ইসলাম কাজলের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে তিনি স্বীকার করেছেন গত এক যুগ ধরে সব ছাপাখানাই নিম্নমানের কাগজে বই ছাপিয়ে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছে।
পরিদর্শনকারী সংস্থাগুলো জানিয়েছে, টেন্ডারের শর্ত ভঙ্গ করায় ছাপাখানায় চব্বিশ ঘণ্টা মনিটরিং চলছে। কাগজ বাতিল ও বই বিনষ্টের মাধ্যমে মান নিয়ন্ত্রণের চেষ্টা চললেও শিক্ষার্থীদের পড়াশোনার অপূরণীয় ক্ষতি হচ্ছে। মূলত শেষ মুহূর্তে চুক্তি করে সময় স্বল্পতার সুযোগে নয়ছয় করাই ছাপাখানা মালিকদের প্রধান কৌশল।



মন্তব্য করুন