শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ডামুড্যার আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাফিসা আনজুম দিপি। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় তিনি জেলার সেরা হিসেবে স্বীকৃতি অর্জন করেন।
এর আগেও নাফিসা উপজেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ গার্ল গাইড হিসেবে নির্বাচিত হয়ে প্রশংসা কুড়িয়েছেন। তার এই ধারাবাহিক সফলতা অভিভাবক ও প্রতিষ্ঠানের গৌরব বাড়িয়েছে আরও এক ধাপ।
নাফিসা আনজুম দিপি আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আবু তাহের এবং কুলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালিমা খানের জ্যেষ্ঠ কন্যা।
তার বাবা মো. আবু তাহের বলেন, “নাফিসার এ অর্জন আমাদের পরিবারের জন্য গর্বের। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন—মহান আল্লাহ যেন তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, “নাফিসা আনজুম দিপি জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তার এই সাফল্য বিদ্যালয়ের সুনামকে আরও উজ্জ্বল করেছে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক বলেন, “নাফিসার এ অর্জন আমাদের পুরো উপজেলাকে গর্বিত করেছে। তার সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।”



মন্তব্য করুন