মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ২০২৫ সালের ছয় মাস মেয়াদি বিভিন্ন কোর্স শেষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও ভাতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সদর উপজেলা পরিষদ হলরুমে সনদপত্র প্রদান ও ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর কৃষিবিদ মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস এম ওবায়দুল বাসার। এতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির বলেন, “যুব উন্নয়নের কারিগরি প্রশিক্ষণ দেশে-বিদেশে কর্মসংস্থানের পথ তৈরি করে। চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষিত যুবক-যুবতীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে ও অন্যদের জন্যও চাকরির সুযোগ সৃষ্টি করতে পারে।”
উপ-পরিচালক এস এম ওবায়দুল বাসার বলেন, “যুবকরাই দেশের শক্তি। প্রশিক্ষণ নিয়ে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করলে তারা কঠিন কাজ সহজ করে দেশকে আরও এগিয়ে নিতে পারবে। দেশের প্রত্যেক জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে বিভিন্ন কোর্স রয়েছে। এগুলো গ্রহণ করলে নিজের কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব, পরিবারও হবে আর্থিকভাবে স্বচ্ছল।”
তিনি আরও বলেন, “প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে বহুপক্ষীয় অংশীদারিত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে গেলে বিদেশে বৈদেশিক মুদ্রা অর্জনসহ বেকারমুক্ত জাতি গঠন করা সম্ভব।”