শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে শরীয়তপুরসহ নদীবেষ্টিত এলাকাগুলোর চেহারা পাল্টে যাবে। দীর্ঘদিনের নদীভাঙন-দুর্যোগ মোকাবিলায় নেওয়া হবে আধুনিক ও টেকসই পদক্ষেপ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি বলেন,
“নদীভাঙন শরীয়তপুরের মানুষের দীর্ঘশ্বাস। এই দুর্ভোগ আর চলতে দেওয়া হবে না। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে আমরা নদীশাসনে বড় প্রকল্প বাস্তবায়ন করব।”
স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়, দোয়া প্রার্থনা এবং গণসংযোগ করতে গিয়ে অপু জানান, নদীভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ যারা ঘরবাড়ি ও জমিজমা হারিয়েছেন—তাদের পুনর্বাসনে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর বাঁধ, নদী তীররক্ষা ব্যবস্থা এবং জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
গণসংযোগ শেষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।



মন্তব্য করুন