নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র ২৬ দিন। অথচ মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান তৎপরতা ও সক্রিয়তা মোটেও পর্যাপ্ত নয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলি এলাকায় শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন ঘনিয়ে এলেও কিশোর গ্যাং ও চিহ্নিত সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এই চেয়ারম্যান আরও বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডসহ বিভিন্ন সময় রাজনৈতিক নেতাদের ওপর যারা হামলা চালিয়েছে, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। তিনি অবিলম্বে এসব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় আসিফ মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা–৭ আসনে এনসিপি মনোনীত প্রার্থী তারেক এ আদেল। তারা স্থানীয় দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং নির্বাচনী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।