ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির সপ্তম দিনে আরও ১৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা ৪৩টি আবেদনের শুনানি শেষে শুক্রবার (১৬ জানুয়ারি) এই রায় দেয় কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি অনুষ্ঠিত হয়। বিকেলে ৩টা থেকে শুরু হওয়া কার্যক্রমে ১৮টি আবেদন মঞ্জুর করা হলেও ২১টি আবেদন নামঞ্জুর করা হয়েছে। এ ছাড়া আইনি জটিলতার কারণে ৪টি আবেদনের রায় অপেক্ষমাণ রাখা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৭টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিলও খারিজ করে দিয়েছে কমিশন।

আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে পরবর্তী শুনানি শুরু হবে, যেখানে ৫১১ থেকে ৬১০ ক্রমিক নম্বর পর্যন্ত আবেদনগুলো নিষ্পত্তি করা হবে। ১৮ জানুয়ারি (রোববার) শেষ দিনের শুনানির মাধ্যমে সব আপিল কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে। উল্লেখ্য, এবার নির্বাচনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছিল।