জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট এবং বাম-মধ্যপন্থী আদর্শকে ধারণ করে ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’ নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ও তিন মুখপাত্রের নাম ঘোষণা করা হয়।
প্ল্যাটফর্মটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন লেখক ও অ্যাক্টিভিস্ট ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত। নবগঠিত এই কাউন্সিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা অনিক রায় ও সৈয়দা নীলিমা দোলাসহ চার শীর্ষ নেতা এবং ছাত্র ইউনিয়নের বর্তমান ও সাবেক শীর্ষ নেতৃত্ব ঠাঁই পেয়েছেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে পাঠ করা ঘোষণাপত্রে অন্তর্বর্তী সরকারের দেড় বছরের কার্যক্রমের সমালোচনা করে বলা হয়, শাসক পরিবর্তন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভাঙার স্বপ্ন এখনো অধরা। পুরোনো রাজনৈতিক চর্চার পুনরুত্থান এবং সিদ্ধান্ত গ্রহণে প্রান্তিক ও সংখ্যালঘুদের কণ্ঠস্বর উপেক্ষিত হওয়ার অভিযোগ তুলেছে এনপিএ। এছাড়া রাষ্ট্রীয় বাহিনীর হাতে নাগরিক হত্যা এবং উগ্রবাদী গোষ্ঠীর হামলায় নীরবতার কঠোর সমালোচনা করা হয়।
গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং পরিবেশ সুরক্ষা—এই পাঁচ মূলনীতিকে সামনে রেখে এনপিএ কাজ করবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে সংহতি জানাতে উপস্থিত ছিলেন ফরহাদ মজহার, মোশরেফা মিশু ও আলতাফ পারভেজের মতো বিশিষ্ট চিন্তক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।



মন্তব্য করুন