সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাজীবনের নিঃসঙ্গতা ও তৎকালীন রাজনৈতিক বাস্তবতার কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি মন্তব্য করেছেন, বেগম জিয়া যখন বন্দি এবং চরম অসুস্থ ছিলেন, তখন ভয়ে বা অন্য কোনো কারণে তাঁর পক্ষে কথা বলার মতো কাউকে দেখা যায়নি।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই খালেদা জিয়া বীরত্বের সঙ্গে জনগণের মাঝে ফিরে এসেছেন। এই জনশক্তিই একদিকে যেমন তাঁকে মুক্ত করেছে, তেমনি অন্য একজনকে (শেখ হাসিনা) দেশ ছাড়তে বাধ্য করেছে।

আসিফ নজরুল তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রকৃত সমৃদ্ধি অর্জনে খালেদা জিয়ার দেশপ্রেম ও আদর্শকে নতুন করে ধারণ করা প্রয়োজন।

একই সভায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুবউল্লাহ খালেদা জিয়ার দীর্ঘ ত্যাগের কথা স্মরণ করে বলেন, তাঁর সততাই হবে আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি। বেগম জিয়ার আদর্শ বিচ্যুত হলে দেশ ও দল—উভয়ই অস্তিত্ব সংকটে পড়বে বলে তিনি সতর্কবাণী উচ্চারণ করেন। রাজধানীর সংসদ ভবন এলাকায় আয়োজিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।