সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএসএমএমইউ-তে (তৎকালীন বিএমইউ) ভয়াবহ অবহেলার অভিযোগ তুলেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি দাবি করেছেন, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়াকে ভুলভাবে ‘মেথোট্রেক্সেট’ ট্যাবলেট খাওয়ানো হয়েছে, যা তাঁর শরীরের জন্য ‘স্লো পয়জন’ বা ধীর গতির বিষ হিসেবে কাজ করেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক নাগরিক শোকসভায় ডা. এফ এম সিদ্দিকী এই বিস্ফোরক তথ্য জানান। তিনি অবিলম্বে বিএসএমএমইউ-তে খালেদা জিয়ার চিকিৎসার সমস্ত নথিপত্র আইনগতভাবে জব্দ করার দাবি জানান।
ডা. সিদ্দিকী বলেন, “২০২১ সালে ম্যাডাম যখন আমাদের তত্ত্বাবধানে আসেন, তখন আমরা দেখে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করি যে—লিভারের সমস্যা থাকার পরও তাঁকে আর্থ্রাইটিসের জন্য ‘মেথোট্রেক্সেট’ দেওয়া হচ্ছিল। সরকার নির্ধারিত চিকিৎসকরা লিভার ফাংশন টেস্ট খারাপ আসার পরও আল্ট্রাসনোগ্রাম পর্যন্ত করেননি।” তিনি আরও যোগ করেন, এই ওষুধটিই মূলত ম্যাডামের ফ্যাটি লিভারকে দ্রুত লিভার সিরোসিসের দিকে ঠেলে দিয়েছে।
চিকিৎসায় এই অমার্জনীয় অবহেলা কোনো সুদূরপ্রসারী হত্যার পরিকল্পনার অংশ কি না, তা খতিয়ে দেখতে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের দক্ষতা যাচাই এবং প্রয়োজনে তাঁদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান এই চিকিৎসক।



মন্তব্য করুন