গণভোট বা অন্য কোনো বিশেষ ইস্যুকে সামনে রেখে ভোট দেওয়ার আহ্বান না জানিয়ে জনগণের ভাগ্য পরিবর্তনের ‘আসল’ জাতীয় নির্বাচনের ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো বিশেষ কারণে বা কোনো বিশেষ ভোটাভুটির কথা বলা সরকারের সাজে না। সরকারের দায়িত্ব হলো জনগণকে সাধারণ নির্বাচনে ভোট দিতে উদ্বুদ্ধ করা।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মন্তব্য করেন, একটি ভোটকে (জাতীয় নির্বাচন) আড়ালে রেখে অন্য কোনো ভোটের কথা বলা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। সরকারের এমন বক্তব্যে জনমনে বিভিন্ন সন্দেহের উদ্রেক হচ্ছে। জনগণের ভাগ্য পরিবর্তন এবং প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য যে নির্বাচন প্রয়োজন, সরকারের উচিত সেই ‘আসল’ ভোটের কথা বলা।
মাইজভাণ্ডারী একাডেমির শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীর খসরু। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। সভায় শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফরসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন