শরীয়তপুরকে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার মডেল হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। তিনি বলেন, রাজনীতি হবে কেবল সেবা ও মানবতার জন্য; কোনো প্রতিহিংসা বা বিভেদের জন্য নয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাড়ৈকান্দি কালী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মিয়া নুরুদ্দিন অপু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব এবং শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে দলটির মনোনীত প্রার্থী।
মন্দির চত্বরে আয়োজিত সভায় স্থানীয়দের উদ্দেশে অপু বলেন, শরীয়তপুরের মানুষ পরিশ্রমী ও শান্তিপ্রিয়। এই জেলাকে আমরা সম্প্রীতি ও উন্নয়নের প্রতীক বানাতে চাই। তরুণ প্রজন্মকে অহিংস আদর্শে বলীয়ান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘৃণার বদলে আমরা যদি ভালোবাসাকে প্রাধান্য দেই, তবে শরীয়তপুর হবে দেশের জন্য অনুকরণীয় জেলা।
সফরকালে তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার সার্বিক উন্নয়নে সবার দোয়া কামনা করেন। প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, সবাই মিলে চেষ্টা করলে একটি অহিংস ও শান্তিপূর্ণ শরীয়তপুর গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাধারণ মানুষ অপুর এই সম্প্রীতির বার্তাকে সময়োপযোগী হিসেবে অভিহিত করেন।



মন্তব্য করুন