ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্ধারিত ৮০০-এর বেশি মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশটির সরকারকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই বিরল কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ট্রাম্প লিখেছেন, “আমি অত্যন্ত সম্মান জানাই যে ইরানের নেতৃত্ব গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে, যার সংখ্যা ছিল ৮০০-এর বেশি। ধন্যবাদ!” এর আগে ইরানে বিক্ষোভ দমনে কঠোরতা অব্যাহত থাকলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের এই চাপের মুখেই ইরান মৃত্যুদণ্ড স্থগিতের সিদ্ধান্ত নেয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে, ইরান সংক্রান্ত যাবতীয় নীতিগত সিদ্ধান্ত সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পই নিচ্ছেন। গত ২৮ ডিসেম্বর মুদ্রাস্ফীতি ও রিয়ালের নজিরবিহীন দরপতনের জেরে ইরানে যে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়, তা দমনে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৬৭৭ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এর মধ্যে ২ হাজার ৪০৩ জনই সাধারণ বিক্ষোভকারী।
যদিও ইরানি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা প্রায় ২ হাজার বলে স্বীকার করেছে। দীর্ঘ পাঁচ দিনের ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে দেশটির প্রকৃত পরিস্থিতি বিশ্বের কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি হলেও ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে নতুন এক মোড় হিসেবে দেখা হচ্ছে।



মন্তব্য করুন