নির্বাচনী আসন সমঝোতা নিয়ে চরম নাটকীয়তার মধ্যে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘একক নির্বাচনের’ ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতি সামাল দিতেই এই জরুরি তলব।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত আছেন। এর আগে গত বৃহস্পতিবার ১১ দলীয় জোটের পক্ষ থেকে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেওয়া হলেও সেখানে ইসলামী আন্দোলনের উপস্থিতি ছিল না।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতের বিরুদ্ধে ‘অসহযোগিতা’ ও ‘শরীয়াহ বিরোধী অস্পষ্ট অবস্থানের’ অভিযোগ তুলে জোট ছাড়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন দলটি ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ায় ১১ দলীয় জোটের ‘এক-বক্স’ (এক আসনে এক প্রার্থী) নীতি এখন বড় ধরনের হুমকির মুখে।

জামায়াত নেতারা ইসলামী আন্দোলনের অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ দাবি করলেও আজকের বৈঠকে জোটের ভাঙন রোধ এবং বিকল্প নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে ইসলামী আন্দোলন যে ৩২ আসনে বিএনপি-জাতীয় পার্টি বাদে অন্যদের সমর্থনের কথা বলেছে, তা জামায়াতের ভোটব্যাংকে কতটা প্রভাব ফেলবে—সেটিই এখন বড় উদ্বেগের কারণ।