মুক্তিযুদ্ধ কোনোভাবেই বিতর্কিত নয়, বরং গত ১৭ বছর ধরে একটি রাজনৈতিক দল মুক্তিযোদ্ধাদের ‘হাইজ্যাক’ করে নিজেদের ফায়দা হাসিলের জন্য এই গৌরবোজ্জ্বল অধ্যায়কে বিতর্কিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মিয়া নুরুদ্দিন অপু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে সমগ্র জাতি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল। তার নেতৃত্বেই স্বাধীনতার সংগ্রাম বেগবান হয়েছিল।”
তিনি আরও দাবি করেন, বিএনপির প্রতিষ্ঠাতা সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, যা দেশের অন্য কোনো বড় রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা যায় না। সে কারণেই বিএনপি প্রকৃত অর্থেই মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করে।
মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কল্যাণে দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে অপু বলেন, “শহীদ জিয়ার সন্তান তারেক রহমান মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে চান। আমাদের কাছে মুক্তিযোদ্ধাদের জন্য সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা রয়েছে।”
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতা ও বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন