নির্বাচনী জোটের আসন বণ্টন নিয়ে ধোঁয়াশা কাটছে না। জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের ঘোষিত ২৫৩ আসনের বাইরে থাকা বাকি ৪৭টি আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া হয়েছে লিয়াজোঁ কমিটিকে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, লিয়াজোঁ কমিটি এই আসনগুলোর বিষয়ে প্রস্তাবনা তৈরি করবে এবং পরবর্তীতে দলের শীর্ষ নেতৃত্ব তা চূড়ান্ত করবেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ২৫৩টি আসনে জোটগত প্রার্থীর তালিকা ঘোষণা করেছিল জামায়াত। তখন বাকি ৪৭টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখার ইঙ্গিত দেওয়া হলেও শুক্রবার দলটি জোটে না থাকার বিষয়টি স্পষ্ট করে। এরপরই জামায়াত নতুন করে এই আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দিল।

উল্লেখ্য, এখন পর্যন্ত জোটের সমঝোতা অনুযায়ী জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি এবং খেলাফত মজলিস ১০টি আসনে লড়বে। এছাড়া এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি এবং নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি করে আসনে প্রার্থিতা নিশ্চিত করেছে। বাকি ৪৭ আসনে কারা প্রার্থী হবেন, তা এখন লিয়াজোঁ কমিটির সিদ্ধান্তের ওপর ঝুলে রইল।