লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা ও আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির অভিযোগে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৬ জানুয়ারি) হুথিদের অস্ত্র ও অর্থায়নে ব্যবহৃত একটি বিশাল নেটওয়ার্কের ওপর এই নিষেধাজ্ঞা ঘোষণা করে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
রয়টার্সের বরাতে জানা গেছে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) মোট ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং একটি জাহাজকে এই কালো তালিকাভুক্ত করেছে। এর মধ্যে ইয়েমেন, ওমান ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কয়েকটি প্রভাবশালী কোম্পানিও রয়েছে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, হুথিরা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই নিষেধাজ্ঞা তাদের রাজস্ব উৎপাদন ও চোরাচালান নেটওয়ার্কের ওপর চাপ বাড়াবে।
নিষেধাজ্ঞার অন্যতম প্রধান লক্ষ্য হলো সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত ‘জানাত আল আনহার জেনারেল ট্রেডিং এলএলসি’। প্রতিষ্ঠানটি হুথিদের কালোবাজারি রেমিট্যান্সের প্রধান ‘ক্লিয়ারিং হাউস’ হিসেবে কাজ করত। এটি মূলত চীনসহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার তহবিল প্রক্রিয়াজাত করে। তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটি আসলে ‘আবু সাম্বোল জেনারেল ট্রেডিং এলএলসি’র নতুন নাম, যা ২০২৪ সালেও একবার নিষিদ্ধ হয়েছিল।
এই নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্তদের যুক্তরাষ্ট্রে থাকা সকল সম্পদ জব্দ করা হবে। এছাড়া মার্কিন নাগরিকদের সাথে তাদের সব ধরনের লেনদেন এবং মার্কিন ট্রানজিট ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।



মন্তব্য করুন