লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এই মামলাকে ‘রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ’ ও ‘মিথ্যা’ হিসেবে অভিহিত করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, কর্নেল অলি আহমদ মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানানী এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা। তার মতো একজন বর্ষীয়ান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা দায়ের অত্যন্ত অনভিপ্রেত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সরকার বিরোধী মত দমনে এই মামলার আশ্রয় নিয়েছে বলে তিনি দাবি করেন।
জানা গেছে, সম্প্রতি চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক এম এ হাশেম রাজুর গাড়িতে হামলার অভিযোগে সাতকানিয়া থানায় এই মামলাটি দায়ের করা হয়। মামলায় কর্নেল অলি আহমদসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
বিবৃতিতে জামায়াত নেতা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনে কর্নেল অলির ভূমিকা অবিস্মরণীয়। হয়রানিমূলক এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।



মন্তব্য করুন