ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করায় জরিমানার মুখে পড়েছেন। তবে জরিমানার পর দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চরম অসৌজন্যমূলক আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এই তুলকালাম কাণ্ড ঘটে।
জানা যায়, আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বাধা দিলে উত্তেজিত হয়ে পড়েন রুমিন ফারহানা। এসময় তিনি ম্যাজিস্ট্রেটের দিকে তেড়ে যান এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন। ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা বলেন, “আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। আপনি পারলে থামিয়ে দেন। আজকে ভদ্রতার সাথে বলছি, নেক্সট টাইমে আমি ভদ্রতা করব না।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি যদি না বলি, আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন।” এসময় তার সাথে থাকা কর্মীরাও ম্যাজিস্ট্রেটের সাথে উচ্চবাচ্য করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান জানান, নিয়মবহির্ভূতভাবে জনসভা করায় আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, “সমাবেশ করতে না পেরে চলে যাওয়ার সময় প্রার্থী আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।



মন্তব্য করুন