নির্বাচন কমিশন (ইসি) যদি দ্বৈত নাগরিকদের প্রার্থিতার বৈধতা দেওয়ার চেষ্টা করে, তবে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, বর্তমান কমিশন নিরপেক্ষতা হারিয়ে বিএনপিকে ‘ফেভার’ দিচ্ছে। প্রয়োজনে ইসি পুনর্গঠন করে ভোট পিছিয়ে দেওয়ার দাবিও তুলেছে তারা।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন কমিশন তাদের চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে। তারা অভিযোগকারীদের হয়রানি করছে এবং প্রার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। দ্বৈত নাগরিকদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। যদি তাদের বৈধতা দেওয়া হয়, তবে আমরা আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলব।”

নির্বাচন পেছানোর ইঙ্গিত দিয়ে এনসিপি মুখপাত্র আরও বলেন, “যেনতেন একটা নির্বাচন আয়োজনের চেয়ে সময় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করাই আমাদের মূল অগ্রাধিকার। প্রয়োজনে এই কমিশন পুনর্গঠন করতে হবে। কিছুদিন দেরি হলেও আমরা একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।”

সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্বের মতো স্পর্শকাতর বিষয়ে কমিশন স্বচ্ছতা বজায় রাখছে না। উল্লেখ্য যে, এই দ্বৈত নাগরিকত্বের ইস্যুকে কেন্দ্র করেই সম্প্রতি কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের পক্ষে কমিশন রায় দিয়েছে। তবে এনসিপি মনে করছে, সামগ্রিকভাবে ইসি এখনো পক্ষপাতদুষ্ট আচরণ করছে।