ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের সময় চার কিশোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী ও রেল কর্তৃপক্ষ। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, চিলাহাটি থেকে খুলনাগামী ‘রুপসা এক্সপ্রেস’ ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনের কাছাকাছি পৌঁছালে বাইরে থেকে পাথর ছোড়া হয়। এতে ট্রেনের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি ট্রেনের দায়িত্বে থাকা কর্মীরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে ট্রেন থামিয়ে অভিযুক্ত ৪ কিশোরকে ধরে ফেলে তারা।

আটককৃতরা হলো—শাকিব হোসেন, ফয়সাল আহম্মেদ, নিকুঞ্জ ও তানভির হাসান। তাদের সবার বাড়ি কালীগঞ্জ শহরে।

মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান শেখ জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ট্রেন থামিয়ে ওই ৪ কিশোরকে আটক করা হয়। পরে তাদের জিআরপি পুলিশের হেফাজতে দিয়ে খুলনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চলন্ত ট্রেনে এমন বিপজ্জনক কর্মকাণ্ড রোধে নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানানো হয়।