ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঘোষণা করেছেন, ভবিষ্যতে দায়িত্ব পেলে এলাকায় ফুটপাত দখল, চাঁদাবাজি কিংবা কোনো অনিয়ম বরদাশত করা হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি কিংবা অন্য কোনো দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিজের বেড়ে ওঠার স্মৃতিচারণ করে ইশরাক বলেন, “গোপীববাগের আলো-বাতাসে আমি বড় হয়েছি। ছোটবেলা থেকেই হিন্দু-মুসলমান ভেদাভেদহীন নাগরিক অধিকারের শিক্ষা পেয়েছি। মানুষের সমান অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল দর্শন।”
এলাকার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, দিন-রাত যেকোনো সময় নারী ও শিশুরা যেন নিরাপদে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করা হবে। অতীতে সরকারি দায়িত্বে না থাকায় অনেক কিছু করার সুযোগ ছিল না উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে দায়িত্বশীল অবস্থানে থাকলে প্রতিটি নাগরিকের সুরক্ষা দেওয়া হবে আমার প্রধান কাজ।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে ইশরাক বলেন, “আমি ভোট চাইতে আসিনি, এসেছি আপনাদের সুখ-দুঃখের কথা শুনতে। আশা করছি একটি উৎসবমুখর ও স্বচ্ছ নির্বাচন হবে। জয়-পরাজয় যাই হোক, আমি আজীবন আপনাদের পাশে থাকব।” প্রতি পাঁচ বছর পর পর নিয়মিত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।



মন্তব্য করুন