নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানান, দল থেকে সকাল-বিকাল ফোন করে আসন ছেড়ে দেওয়ার বিনিময়ে এই টোপ দেওয়া হচ্ছে। তবে জীবন থাকতেও এলাকা ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহানা এসব কথা বলেন। বিএনপির সাবেক এই নেত্রী এবার বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে নেমেছেন।

রুমিন ফারহানা বলেন, “এখন দল (বিএনপি) থেকে সকাল-বিকাল টেলিফোন করে বলা হয়—আসুন মন্ত্রিত্ব দেব, আসনটি ছেড়ে দিন। আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন, আরও বড় কিছুর বিনিময়েও আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না।”

খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “দেশনেত্রী আমাকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন। তার আশ্রয়েই আমি এতদূর এসেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগে আমার মনোনয়ন কেন দেওয়া হয়নি, তা জানতে চেয়েছিলেন। কিন্তু মা (খালেদা জিয়া) মারা যাওয়ার পরই আমাকে দল থেকে বহিষ্কার করা হলো।”

এদিন নির্বাচনী প্রচারণায় রুমিন ফারহানাকে একটি হাঁস উপহার দেন স্থানীয়রা। পরে তিনি ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে তিনি ‘হাঁস’ প্রতীক নিয়েই লড়তে চান। নির্বাচনী বৈতরণী পার হতে তিনি সরাইল-আশুগঞ্জের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।