বর্তমান সরকারকে সাধারণ তত্ত্বাবধায়ক সরকার মনে করা ভুল হবে মন্তব্য করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, এই সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত। এর নৈতিক ভিত্তি হলো ১৪০০ মানুষের আত্মদান এবং হাজার হাজার মানুষের ত্যাগ। সরকার ‘জুলাই জাতীয় সনদ’ কারো ওপর চাপিয়ে দিচ্ছে না, বরং রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আলোচনার ভিত্তিতেই এটি তৈরি হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক রীয়াজ জানান, ৩০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে প্রায় ৯ মাস আলোচনার পর এই সনদ চূড়ান্ত করা হয়েছে।

জুলাই সনদের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এটি কেবল কোনো কাগুজে দলিল নয়। গত ১৬ বছরে গুম হওয়া মানুষের স্বজনদের হাহাকার আর চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তে এই সনদের অক্ষর লেখা হয়েছে। এটিই বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা। তাই এই সনদের পক্ষে জনমত গঠনে সরকার প্রচার চালাতেই পারে।

গণভোটের প্রচার নিয়ে আইনি প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, “প্রজাতন্ত্রের কর্মচারীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার করতে পারবেন না—এমন কোনো বাধা সংবিধানে বা বিদ্যমান আরপিওতে নেই। সরকার যখন কোনো প্রস্তাব দেয়, তার পক্ষে সমর্থন চাওয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্তি নিয়ে ইউরোপের দেশগুলোতে হওয়া ৪৮টি গণভোটের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানেও অধিকাংশ ক্ষেত্রে সরকার সরাসরি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়েছে।”

তিনি আরও স্পষ্ট করেন, গুম হওয়া সন্তানের মায়ের চোখের পানি আর জুলাইয়ের তরুণদের প্রাণের বিনিময়ে অর্জিত এই সনদ নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই।