শরীয়তপুরের সখিপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করতে গিয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সখিপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম আতিকুর রহমান ওরফে সোমেল সরদার, যিনি সখিপুর থানা শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সখিপুর বাজারে খোলা তেল বিক্রি মনিটরিং করার সময় ওসি নাজিম উদ্দীন খবর পান যে, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা সোমেল সরদার ওই এলাকায় প্রকাশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে ওসি তাকে ডেকে পরিচয় জানতে চান। এ সময় সোমেল দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে সোমেল ওসিকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যান। এতে ওসি নাজিম উদ্দীন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
আহত অবস্থায় ওসিকে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
ঘটনার বিষয়ে ওসি মো. নাজিম উদ্দীন বলেন, “বাজারে মনিটরিং করার সময় নিষিদ্ধ সংগঠনের নেতার অবস্থানের খবর পাই। তাকে আটক করার চেষ্টা করলে তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যান। সোমেল সরদারের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।”
সখিপুর থানা পুলিশ জানায়, সরকারি কাজে বাধা দান এবং পুলিশ কর্মকর্তাকে আঘাত করার অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



মন্তব্য করুন