শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতিতে বড় ধরনের ধস নেমেছে। ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ দলটির পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শৌলপাড়া মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তারা ধানের শীষের পতাকাতলে শামিল হন।
বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন— শৌলপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আ. মান্নান খান ভাসানী, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা ইদ্রিস খান এবং ইউপি সদস্য আলমগীর বেপারী।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহম্মেদ আসলাম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীনসহ স্থানীয় শীর্ষ নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সাধারণ মানুষের পাশাপাশি অন্যান্য দলের নেতাকর্মীরাও এখন বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে। এই যোগদান তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করবে।
নবাগত নেতারা জানান, বিএনপির আদর্শ ও নেতৃত্বের ওপর আস্থা রেখেই তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



মন্তব্য করুন