আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দ্বৈত নাগরিকদের প্রার্থিতা এখন রাজনীতির অন্দরে অন্যতম আলোচিত বিষয়। নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত আইনি জটিলতা ও নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তহীনতায় নির্বাচনী প্রক্রিয়াটি একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। তবে আইন ও সাংবিধানিক কাঠামোর আলোকে বিশ্লেষণ করলে দেখা যায়, এ ক্ষেত্রে ইসির ক্ষমতার সুনির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে।
আইনগতভাবে নির্বাচন কমিশন কেবল একটি প্রশাসনিক ও বিধিবদ্ধ আপিল কর্তৃপক্ষ। কোনো সাংবিধানিক প্রশ্ন নিষ্পত্তি করার এখতিয়ার কেবল দেশের সর্বোচ্চ আদালতের। ইসিকে অবশ্যই আরপিও (RPO) ১৯৭২ এবং নিজস্ব নির্দেশনার সীমানার ভেতরে থেকে কাজ করতে হবে। তারা চাইলেই কোনো নতুন শর্ত আরোপ করে কারো প্রার্থিতা বাতিল করতে পারে না।
বিদ্যমান নির্বাচনী আইন ও আরপিও অনুযায়ী, একজন প্রার্থীকে নাগরিকত্ব বিষয়ে কেবল একটি শপথকৃত হলফনামা (Affidavit) দাখিল করতে হয়। আইনত এই হলফনামাই চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য, যতক্ষণ না বিপরীত কিছু প্রমাণিত হচ্ছে। মনোনয়নপত্র দাখিলের সময় নাগরিকত্ব ত্যাগের সনদ বা ‘সার্টিফিকেট অব রিনানসিয়েশন’ জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা ইসির নির্দেশনায় নেই। শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেওয়া যেখানে বাধ্যতামূলক, সেখানে নাগরিকত্বের ক্ষেত্রে কেবল হলফনামাই যথেষ্ট।
এখানে ‘বার্ডেন অব প্রুফ’ বা প্রমাণের দায়ভারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভিডেন্স অ্যাক্ট ১৮৭২-এর ১০১ ধারা অনুযায়ী, যিনি কোনো দাবি করেন, প্রমাণের দায়িত্বও তার। অর্থাৎ, যদি কেউ কোনো প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করেন, তবে অভিযোগকারীকেই প্রমাণ করতে হবে যে ওই প্রার্থী এখনো বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেননি। প্রার্থী নাগরিকত্ব ত্যাগের প্রমাণ দেননি—কেবল এই যুক্তিতে মনোনয়ন বাতিল করা আইনসম্মত নয়।
নির্বাচন কমিশন যদি তাদের প্রকাশিত নির্দেশনার বাইরে গিয়ে আপিল পর্যায়ে নতুন কোনো নথিপত্র বা শর্ত দাবি করে, তবে তা হবে ‘আল্ট্রা ভাইয়ার্স’ বা এখতিয়ার বহির্ভূত এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্ত। আইন ও বিধির বাইরে গিয়ে নতুন কোনো অযোগ্যতার ভিত্তি সৃষ্টি করার সুযোগ ইসির নেই। তবে কোনো প্রার্থী যদি হলফনামায় ভুল বা মিথ্যা তথ্য দেন, তবে প্রচলিত আইন অনুযায়ী তিনি অবশ্যই অযোগ্য বলে বিবেচিত হবেন।
পরিশেষে, নির্বাচন কমিশনকে তার আইনি সীমানার মধ্যে থেকে সিদ্ধান্ত নিতে হবে। আইনের ভুল ব্যাখ্যা বা ক্ষমতার অতিরিক্ত প্রয়োগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।



মন্তব্য করুন