বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হলো জনসচেতনতা মূলক ভিডিও শো। রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত বিষয়ে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আইনি সহায়তা সহজ করে তোলাই ছিল ভিডিও শোর প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণকে জানানো হয়—মাত্র ১০ ও ২০ টাকা ফি দিয়েই গ্রাম আদালতে মামলা করা যায়, এবং ৩ লাখ টাকা পর্যন্ত মূল্যমানের বিরোধ এখানেই নিষ্পত্তি সম্ভব।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামীণ জনগোষ্ঠী সহজে, দ্রুত এবং কম খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবে। আদালতের সেবা গ্রহণে দরিদ্র মানুষের আর শহরে দৌড়ঝাঁপ করতে হবে না।
আয়োজনে উপস্থিত ছিলেন—ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রাম আদালত (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জামাল উদ্দিন, গ্রাম পুলিশসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপস্থিত অতিথিরা মনে করেন, গ্রাম আদালত কার্যকরভাবে সক্রিয় হলে গ্রাম্য বিরোধ দ্রুত মীমাংসা হবে এবং আদালতে মামলার চাপ কমবে।
এ আয়োজনকে ঘিরে রুদ্রকর এলাকায় ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা—গ্রাম আদালতের সুবিধা এখন আরও বেশি করে মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।