রাজধানীর বাড্ডায় লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে কুড়িল থেকে রামপুরা অভিমুখে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীসহ সাধারণ মানুষ।
আন্দোলনরত চালকদের দাবি, লিথিয়াম ব্যাটারিচালিত নতুন রিকশাগুলো তাদের জীবিকায় টান ফেলছে। এই রিকশাগুলো বন্ধ না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড্ডা এলাকার বিভিন্ন পয়েন্টে চালকরা অবস্থান নেওয়ায় প্রধান সড়কে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম জানান, এই এলাকায় মেট্রোরেলের কাজ চলায় এমনিতেই রাস্তা সংকুচিত হয়ে আছে। অটোরিকশা চালকদের অবরোধের ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কটিতে স্বাভাবিক যান চলাচল শুরু হয়নি।



মন্তব্য করুন