আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি মাঠ পর্যায়ে ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী পাঠানো হবে।
ইসির রোডম্যাপ অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং একই দিনে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে বিশেষ মনিটরিং টিম, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে এই রোডম্যাপে।
আগামী ২২ জানুয়ারি ভোটকেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ করবে কমিশন। এছাড়া ২৮ জানুয়ারি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সভায় বসবে ইসি। ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর অনুকূলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। একই দিনে নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আন্তর্জাতিক মহলের গ্রহণযোগ্যতা নিশ্চিতে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়ে দ্রুতই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে ইসি। বিশেষ করে FEMBOSA ও E-Web-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইমেইল ও অন্যান্য মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষণের আহ্বান জানানো হবে। নির্বাচনি ব্যয় নির্বাহ ও আনুষঙ্গিক খাতের অর্থছাড়ের বিষয়েও স্পষ্ট নির্দেশনা জারি করেছে কমিশন।



মন্তব্য করুন