রাজধানীর বাড্ডায় লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একদল ব্যাটারিচালিত রিকশাচালক। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ার সংলগ্ন সড়কে অবস্থান নেন তারা। এর ফলে কুড়িল থেকে রামপুরা অভিমুখী প্রগতি সরণির গুরুত্বপূর্ণ এই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

আন্দোলনরত চালকদের দাবি, সড়ক থেকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা অবিলম্বে অপসারণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। অবরোধের জেরে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের সকালে অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অনেককে বাধ্য হয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, উত্তর বাড্ডা এলাকায় মেট্রোরেলের চলমান নির্মাণকাজের কারণে আগে থেকেই রাস্তা সংকুচিত হয়ে আছে। এর ওপর রিকশাচালকদের অবরোধের ফলে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বাড্ডা ছাড়িয়ে কুড়িল বিশ্বরোড ও রামপুরা ব্রিজের ওপার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি ছড়িয়ে পড়েছে।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম জানান, লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত একটি দাবি নিয়ে চালকরা রাস্তা আটকে বিক্ষোভ করছেন। মেট্রোরেলের কাজের কারণে এই এলাকায় এমনিতেই যানজট থাকে, অবরোধের ফলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে থেকে চালকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, অবরোধের কারণে ওই রুটে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে এবং পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।