ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) কাজে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। এ ঘটনা ভারতের রাজনীতিতে নতুন করে আলোচনায় এনেছে সেইসব মুখ্যমন্ত্রীদের নাম, যাদের অতীতে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হতে হয়েছে। পদের মর্যাদা ছাপিয়ে অনেককেই যেতে হয়েছে শ্রীঘরে।
ভারতের ইতিহাসে অরবিন্দ কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন গ্রেপ্তার হন। দিল্লির আবগারি নীতি পরিবর্তন ও ঘুষ নেওয়ার অভিযোগে ইডি তাকে গ্রেপ্তার করে তিহাড় জেলে পাঠায়। এর আগে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতা ক্ষমতায় থাকাবস্থায় সাজা পেলেও রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি পদ হারান। আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল।
সবচেয়ে আলোচিত গ্রেপ্তার ছিল বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের। ১৯৯০-এর দশকের বহুল আলোচিত ‘পশুখাদ্য কেলেঙ্কারি’ বা চারা ঘোটলায় জড়িত থাকায় সিবিআই তাকে গ্রেপ্তার করে। তিনি অন্তত ছয়বার জেলে গেছেন এবং বর্তমানেও রেলে চাকরি সংক্রান্ত দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে তদন্ত চলছে।
ঝাড়খণ্ড রাজ্যে তিন মুখ্যমন্ত্রী গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জমি জালিয়াতি ও অর্থপাচার মামলায় গ্রেপ্তার হওয়ার ঠিক আগে পদত্যাগ করেন। তার বাবা শিবু সোরেন কয়লা মন্ত্রী থাকাকালীন একটি খুনের মামলায় গ্রেপ্তার হন। এছাড়া অর্থপাচার ও খনি বরাদ্দে দুর্নীতির দায়ে ঝাড়খণ্ডের আরেক মুখ্যমন্ত্রী মধু কোড়াকে প্রায় চার বছর জেল খাটতে হয়।
দক্ষিণ ও উত্তর ভারতের চিত্রও একই। অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ৩১৭ কোটি টাকার দুর্নীতি মামলায় ২০২৩ সালে গ্রেপ্তার করে রাজ্য সিআইডি। হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দীর্ঘ জেল খেটেছেন। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রে ক্ষমতাসীন দল প্রায়ই রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই বা ইডির মতো সংস্থাকে ব্যবহার করে। তবে তদন্ত সংস্থাগুলোর তথ্যমতে, অনেক ক্ষেত্রে আদালতে অপরাধ প্রমাণের হার তুলনামূলক কম।



মন্তব্য করুন