সাভারে পরিত্যক্ত এক কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন স্থানে গত দেড় বছরে ছয়জনকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি একে একে ছয়টি খুনের কথা স্বীকার করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী তাজুল ইসলাম সোহাগ জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, সম্রাট একজন ‘সাইকো’ প্রকৃতির সিরিয়াল কিলার। গত রোববার সাভার পৌর এলাকার একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে এক কিশোরীসহ দুইজনের মরদেহ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, শনিবার রাতে একটি মরদেহ টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন তিনি। এরপরই তাকে সাভার থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম জানান, সম্রাট থানার আশপাশেই ভবঘুরের ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। প্রতিদিন পোশাক বদলে ‘পাগলের’ অভিনয় করায় কেউ তাকে সন্দেহ করেনি। সম্রাটের স্বীকারোক্তি অনুযায়ী, ২০২৫ সালের ৪ জুলাই সাভার মডেল মসজিদের সামনে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার মাধ্যমে তার এই রক্তক্ষয়ী মিশন শুরু হয়। এরপর ২৯ আগস্ট, ১১ অক্টোবর এবং ১৯ ডিসেম্বর একই কমিউনিটি সেন্টারে আরও তিনজনকে হত্যা করেন তিনি। সর্বশেষ গত শনিবার রাতে এক কিশোরীসহ দুইজনকে হত্যার পর তিনি তাদের মরদেহে আগুন ধরিয়ে দেন।
পুলিশ জানায়, নিহত ছয়জনের মধ্যে অন্তত তিনজনের মরদেহ পুড়িয়ে আলামত নষ্ট করার চেষ্টা করেছেন সম্রাট। এখন পর্যন্ত নিহতদের মধ্যে মাত্র একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দীর্ঘ সময় ধরে সাভার থানার পাশেই এই খুনি আত্মগোপনে থাকলেও পাগলের ছদ্মবেশ ধারণ করায় তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন।



মন্তব্য করুন