আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতির চিরাচরিত সমীকরণ পাল্টে যাচ্ছে। এক সময় যেখানে বিএনপির একক আধিপত্যের আভাস পাওয়া যাচ্ছিল, সেখানে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামীর ক্রমবর্ধমান সাংগঠনিক তৎপরতা। আন্তর্জাতিক সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’-এর সাম্প্রতিক এক বিশ্লেষণ বলছে, আওয়ামী লীগ মাঠ থেকে অপসারিত হওয়ার পর এখন মূল লড়াই হবে মধ্য-ডানপন্থি বিএনপি ও কট্টর ডানপন্থি জামায়াত নেতৃত্বাধীন দুই শিবিরের মধ্যে।
দীর্ঘদিন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অভিন্ন আন্দোলনে থাকলেও নির্বাচন ঘনিয়ে আসায় দুই দলের আদর্শিক ও কৌশলগত দূরত্ব এখন প্রকাশ্য। মাঠ পর্যায়ের রিপোর্ট অনুযায়ী, বিশেষ করে তরুণ ভোটার এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতিতে জামায়াত ও তাদের অনুসারীদের সাম্প্রতিক সাফল্য বিএনপির নীতিনির্ধারকদের ভাবিয়ে তুলেছে। ২০০১-২০০৬ মেয়াদে ক্ষমতার অংশীদার থাকলেও বর্তমান প্রেক্ষাপটে দুই দলের রাজনৈতিক বিচ্ছেদ এখন সময়ের ব্যাপার মাত্র।
বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিশ্লেষণে বলা হয়েছে, দীর্ঘ দমন-পীড়নে দলটির সাংগঠনিক কাঠামো কিছুটা অসংগঠিত হয়ে পড়েছিল। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু কেন্দ্রিক জন-সহানুভূতিও দলটির ভোটব্যাংকে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী তাদের ঐতিহাসিক ‘স্বাধীনতাবিরোধী’ ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি-কে জোটে টেনে তারা নতুন রাজনৈতিক বয়ান তৈরির চেষ্টা করছে। তবে দলটির প্রার্থী তালিকায় নারী ও ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধিত্বের অভাব নিয়ে জনমনে প্রশ্ন রয়েই গেছে।
নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণে এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নীরব ভোটব্যাংক এবং ধর্মীয় সংখ্যালঘু ভোটাররা। আওয়ামী লীগের প্রার্থী সরাসরি না থাকলেও তাদের সমর্থক হিসেবে পরিচিত ৩০-৪০ শতাংশ ভোটার শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকবেন, তা এখনও অনিশ্চিত। ধর্মীয় সংখ্যালঘু ভোটাররা বলছেন, তারা উভয় শিবিরের কাছ থেকেই প্রচ্ছন্ন চাপের সম্মুখীন হচ্ছেন। তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রতিশ্রুতি দিলেও অতীতে জামায়াতের সঙ্গে জোটের বিষয়টি ভোটারদের একাংশের মনে এখনো অস্বস্তি জিইয়ে রেখেছে।
রাজধানীর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি এখনো জনসমর্থনে এগিয়ে থাকলেও জামায়াতের সাংগঠনিক পেশিবল এবং আওয়ামী লীগ পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে ক্ষমতায় যাওয়ার পথটি দলটির জন্য মোটেই মসৃণ হবে না।



মন্তব্য করুন