চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পতেঙ্গায় র্যাব-৭ সদর দপ্তরে নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এই হুঁশিয়ারি দেন।
র্যাব মহাপরিচালক বলেন, জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে এবং অবৈধ অস্ত্র মজুত রেখেছে, তাদের প্রত্যেককে আইনানুগ প্রক্রিয়ায় নির্মূল করা হবে। এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত র্যাব এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
গত সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরে একটি রাজনৈতিক কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে অভিযানে গেলে র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে র্যাব সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে। গুরুতর আহত উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন।
হামলায় র্যাবের আরও তিন সদস্য এবং একজন তথ্যদাতা (সোর্স) গুরুতর আহত হয়েছেন। নিহত কর্মকর্তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে র্যাব প্রধান বলেন, মোতালেবের এই আত্মত্যাগ বিফলে যাবে না। র্যাব তার শোকসন্তপ্ত পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়েছে।



মন্তব্য করুন