জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) আদালত সূত্রে এই আদেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ গত ১৫ জানুয়ারি দুদকের চার্জশিট আমলে নিয়ে এ নির্দেশ দেন। একইসঙ্গে পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এই মামলায় মোট ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল। এর মধ্যে অন্যতম আসামি অর্থনীতিবিদ ড. আবুল বারকাত বর্তমানে কারাগারে রয়েছেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন।

পরোয়ানাভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, জনতা ব্যাংকের সাবেক এমডি আবদুছ ছালাম আজাদ, সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ এবং অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল।

মামলার বিবরণে বলা হয়েছে, আসামিরা জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথিপত্র তৈরি করে জনতা ব্যাংক থেকে ৫৩১ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ করেন, যা সুদসহ বর্তমানে ১ হাজার ১৩০ কোটি ১৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। গত বছরের ২২ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন বাদী হয়ে এই মামলাটি করেন। দীর্ঘ তদন্ত শেষে গত ২০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করা হয়।