ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক লড়াই শুরুর প্রাক্কালে বড় ধরনের অভ্যন্তরীণ সংকটে পড়েছে বিএনপি। আজ বুধবার (২১ জানুয়ারি) সারা দেশে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। তবে দলটির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রায় অর্ধশত আসনে সক্রিয় থাকা ৯১ জন বিদ্রোহী প্রার্থী। কেন্দ্রীয় হুঁশিয়ারি ও বহিষ্কারের তোয়াক্কা না করেই এসব নেতা স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে অনড় রয়েছেন।

গতকাল মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কেন্দ্র থেকে কঠোর বার্তা দেওয়া হলেও শেষ মুহূর্তে অনেক প্রভাবশালী নেতা নিজের অবস্থান থেকে সরেননি। বিশেষ করে যেসব আসন জোটের শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে বিদ্রোহীরা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। ঢাকা-১২ আসনে জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের বিপরীতে লড়ছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবের বিপক্ষে মাঠে আছেন বিএনপির রুমিন ফারহানা। একইভাবে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নূরের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে লড়ছেন হাসান মামুন।

দলীয় সূত্রে জানা গেছে, ২৯২টি আসনে প্রার্থী দিলেও তিন জনের মনোনয়ন বাতিলের পর বিএনপি এখন ২৮৯টি আসনে ভোটের লড়াইয়ে আছে। তবে ঝিনাইদহ-৪, মুন্সীগঞ্জ-১ ও ৩ এবং চট্টগ্রামের একাধিক আসনে দলীয় প্রার্থীর বিপরীতে শক্ত অবস্থানে আছেন স্থানীয় নেতারা। এতে ভোটের মাঠে ভোট ভাগাভাগির শঙ্কায় পড়েছেন জোট মনোনীত প্রার্থীরা।

এদিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের আগে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগে দলগুলোর প্রধানদের চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ সাত নেতা এবং গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে কমিশন।

অন্যদিকে, ডাকযোগে ভোটদানের নতুন পদ্ধতি বা ‘পোস্টাল ব্যালট’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্রিফিংকালে তিনি বলেন, নতুন কোনো উদ্যোগ নিলে ভুলত্রুটি হতে পারে, কিন্তু পরিকল্পিত অপপ্রচার বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশ্বের ১২২টি দেশ থেকে প্রবাসীরা এই পদ্ধতিতে নিবন্ধন করেছেন যা কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

আজ প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামতে পারবেন।