বাংলাদেশের বর্তমান উন্নয়ন ও রেমিট্যান্স অর্থনীতির যে শক্তিশালী ভিত্তি, তার মূলে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাস্তববাদী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। বুধবার (২১ জানুয়ারি) প্রকাশিত এক রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, ১৯৭০-এর দশকের সেই অস্থিতিশীল সময়ে জিয়াউর রহমান একটি নির্দিষ্ট বলয়ের ওপর নির্ভরতা কমিয়ে বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার যে কৌশল নিয়েছিলেন, তা আজও বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দর্শন হিসেবে বিবেচিত।
জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্তম্ভ ছিল মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার। তৎকালীন সময়ে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সঙ্গে গভীর বন্ধন তৈরির মাধ্যমেই মূলত বাংলাদেশি শ্রমিকদের জন্য মধ্যপ্রাচ্যের শ্রমবাজার উন্মোচন হয়। বিশ্লেষকদের মতে, আজকের বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি ‘রেমিট্যান্স’ প্রবাহের প্রাতিষ্ঠানিক সূচনা হয়েছিল সেই সময়েই। ওআইসি-তে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং ফিলিস্তিন ইস্যুতে সংহতি প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটিকে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করেন তিনি।
জাতিসংঘের মঞ্চেও বাংলাদেশের সক্ষমতা প্রমাণ করেছিলেন জিয়া। স্বাধীনতার মাত্র সাত বছরের মাথায় ১৯৭৮ সালে প্রভাবশালী দেশ জাপানকে হারিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়া ছিল একটি ঐতিহাসিক মাইলফলক। তেহরানে মার্কিন দূতাবাস সংকটের মতো আন্তর্জাতিক জটিল পরিস্থিতিতে সরাসরি পক্ষ না নিয়ে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখা ছিল তার ‘সংযত কূটনীতির’ এক অনন্য উদাহরণ।
আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। দক্ষিণ এশিয়ায় পারস্পরিক অবিশ্বাসের দেয়াল ভেঙে তিনি প্রথম ‘সার্ক’-এর ধারণা দেন, যা পরবর্তীতে আঞ্চলিক জোট হিসেবে রূপ পায়। ভারতের সঙ্গে সংবেদনশীল সম্পর্ক সামাল দেওয়া এবং চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক উন্নয়নের মাধ্যমে তিনি বাংলাদেশকে স্নায়ুযুদ্ধের জটিল মেরুকরণ থেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সার্বভৌম, উন্নয়নশীল ও মুসলিমপ্রধান দেশ হিসেবে বিশ্বমঞ্চে স্বতন্ত্র পরিচয় দিয়েছেন। একটি যুদ্ধবিধ্বস্ত ও অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্র থেকে বাংলাদেশকে আত্মবিশ্বাসী রাষ্ট্রে রূপান্তরের যে কূটনৈতিক যাত্রা তিনি শুরু করেছিলেন, তার সুফল দেশ আজও ভোগ করছে।



মন্তব্য করুন