দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২১ জানুয়ারি) থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকায় বিক্রি হবে। এটি দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাম বৃদ্ধির ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৯ জানুয়ারিও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, যা ২০ জানুয়ারি থেকে কার্যকর ছিল।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকায়। উল্লেখ্য, এই মূল্যের সঙ্গে ক্রেতাদের সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হবে।

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রুপার বাজারেও নতুন ইতিহাস সৃষ্টি করেছে। চলতি ২০২৬ সালে এ নিয়ে মোট ৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৭ বারই ছিল ঊর্ধ্বমুখী। এর আগে ২০২৫ সালে সর্বোচ্চ ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।