দেশের মসজিদ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। নতুন এই নীতিমালা অনুযায়ী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জাতীয় বেতন স্কেলের বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করে বেতন নির্ধারণ করে দেওয়া হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই ঐতিহাসিক গেজেট প্রকাশ করে।
নীতিমালায় জ্যেষ্ঠ পেশ ইমামদের জন্য ৫ম গ্রেড এবং পেশ ইমামদের জন্য ৬ষ্ঠ গ্রেড নির্ধারণ করা হয়েছে। এছাড়া সাধারণ ইমামরা ৯ম গ্রেডে বেতন পাবেন। মসজিদের প্রধান মুয়াজ্জিন ১০ম এবং মুয়াজ্জিনরা ১১তম গ্রেডে বেতনভুক্ত হবেন। নিম্ন পদের জনবলের মধ্যে প্রধান খাদেম ১৫তম ও খাদেমরা ১৬তম গ্রেডে বেতন পাবেন। তবে খতিবদের বেতন কোনো নির্দিষ্ট গ্রেডে নয়, বরং চুক্তিপত্রের শর্তানুসারে নির্ধারিত হবে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের তত্ত্বাবধানে প্রণীত এই নীতিমালায় প্রথমবারের মতো ইমাম-মুয়াজ্জিনদের জন্য সপরিবার আবাসন ও ভবিষ্যৎ সঞ্চয়ের (পেনশন স্কিম) বিধান রাখা হয়েছে। এছাড়া চাকরি শেষে এককালীন সম্মাননা প্রদানের নির্দেশনাও দেওয়া হয়েছে। পাঞ্জেগানা ও অসচ্ছল মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী বেতন নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, মসজিদে নিয়োগের জন্য ৭ সদস্যের বাছাই কমিটি থাকবে এবং নিয়োগপত্র প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। কর্মরতদের জন্য মাসে ৪ দিন সাপ্তাহিক ছুটি ছাড়াও বছরে ২০ দিন নৈমিত্তিক ছুটি এবং প্রতি ১২ দিনে এক দিন অর্জিত ছুটির সুবিধা রাখা হয়েছে। এছাড়া প্রতিটি মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান এবং নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর পদ সৃষ্টির নির্দেশনা দেওয়া হয়েছে।
আগের ২০০৬ সালের নীতিমালা রহিত করে জারি করা এই নতুন নীতিমালায় ১৫ সদস্যের মসজিদ ব্যবস্থাপনা কমিটির বিধান রাখা হয়েছে। চাকরির যেকোনো বিরোধ নিষ্পত্তিতে সংক্ষুব্ধ ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বা সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে আপিল করতে পারবেন।



মন্তব্য করুন