নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেটে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নগরের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠান শুরু হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা সরাসরি তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশা ও ভাবনার কথা তুলে ধরছেন। দেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো গঠন, কর্মসংস্থান এবং রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দিচ্ছেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, তরুণ প্রজন্মের মনের ভাষা বুঝতে এবং নীতিনির্ধারণে তাদের মতামতকে গুরুত্ব দিতেই এই বিশেষ আলোচনার আয়োজন। শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে তাদের দাবি ও সমকালীন রাজনীতি নিয়ে নিজস্ব চিন্তার প্রতিফলন ঘটাতে পারে, সেদিকেই নজর দেওয়া হচ্ছে।

মতবিনিময় সভা শেষে দুপুরে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। তারেক রহমানের এই সফর ও জনসভাকে কেন্দ্র করে সিলেটে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।