আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাকে ভোট দেওয়া উচিত এবং ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব কতটুকু, সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ভোটারদের আমানত রক্ষায় সজাগ থাকার আহ্বান জানান।
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন কাকে ভোট দিলে সবচেয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন করা হবে। আপনি যদি আন্তরিকভাবে চেষ্টা করার পরও ভুল প্রার্থীকে নির্বাচন করেন, তার জন্য আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন না। কিন্তু যোগ্য লোককে ভোট না দিয়ে ভোট নষ্ট হবে ভেবে খারাপ প্রার্থীকে ভোট দিলে আপনি গুনাহগার হবেন।’
দেশের সাধারণ ভোটারদের একটি ভুল ধারণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকে মনে করেন ভালো মানুষটি জিতবে না, তাই তাকে ভোট দিয়ে লাভ নেই। এতে ভোট নষ্ট হবে। কিন্তু ভোট কখনো নষ্ট হয় না। একজন ভালো মানুষ এবার অল্প ভোট পেলে সেটার ভিত্তিতেই ভবিষ্যতে আরও বেশি ভোট পাওয়ার পথ তৈরি হবে। আপনি যদি ভালো মানুষকে ভোট না দিয়ে খারাপ কাউকে জেতানোর সহযোগী হন, তবে সেই খারাপ মানুষটি তার অনিয়মের রাজত্ব করার আরও সুযোগ পাবে।’
ভোটকে একটি বড় ‘আমানত’ ও ‘জবাবদিহিতার জায়গা’ হিসেবে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, আমানত যথাস্থানে পৌঁছে দেওয়া আল্লাহর নির্দেশ। তাই সামান্য টাকা বা অন্য কোনো প্রলোভনে পড়ে ইমান ও আমল নষ্ট না করার পরামর্শ দেন তিনি। তার মতে, যাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে এবং ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থ সংরক্ষিত হবে বলে বিশ্বাস হয়, তাকেই ভোট দেওয়া উচিত।



মন্তব্য করুন